যাকাতের মাধ্যমে দরিদ্রদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন পাবনার চিকিৎসকরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫; সময়: ২:৩২ pm | 
খবর > শীর্ষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : দরিদ্র অসহায় মানুষদের চিকিৎসায় যাকাত দিয়ে সহযোগিতা করে আসছেন পাবনার অনেক চিকিৎসক। যাকাতের মাধ্যমে স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছেন তারা।

স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্পের মাধ্যমে অনেক দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। গত বছর থেকে শুরু হওয়া এ প্রকল্পে এ বছর আরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবায় যাকাতের সহযোগিতা পৌঁছে দিতে চান চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ‘যাকাত দিয়ে দারিদ্রতা বিমোচন’ এর বিশেষ আলোচনা সভায় এ কথা জানান চিকিৎসকরা।

স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সভাপতি অধ্যাপক ডা. ওমর আলীর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সহ-সভাপতি ডা. ইফতেখার মাহমুদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা আলিয়া মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুস সোবহান, ডা. সালেহ মুহাম্মাদ আলী, ডা. আইনুল হক, ডা. শাহরিয়ার কবির, ডা. নার্গিস সুলতানা। স্বাগত বক্তব্য দেন, স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সাধারণ সম্পাদক ডা. এম এ সাত্তার।

আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে প্রকল্পের সফলতা কামনায় দোয়া করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন