প্রতিদিন ৫ লিটার দুধ খাওয়া-ধোনি জানালেন আসল সত্য!

পদ্মাটাইমস ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কিংবদন্তি ও গুজব। এর মধ্যে সবচেয়ে প্রচলিত একটি গুজব হলো-তিনি নাকি প্রতিদিন ৫ লিটার দুধ খান! বিশাখাপত্তনমে পাকিস্তানের বিপক্ষে ১৪৮ রানের সেই ঐতিহাসিক ইনিংস খেলার প্রায় দুই দশক পর এবার নিজেই মুখ খুললেন ধোনি, ভেঙে দিলেন সেই পুরনো মিথ।
সম্প্রতি এক প্রচারমূলক অনুষ্ঠানে গিয়ে ধোনিকে প্রশ্ন করা হয়, তার সম্পর্কে সবচেয়ে আজব গুজব কোনটি তিনি শুনেছেন? ধোনি হেসে বলেন, -“আমি নাকি প্রতিদিন ৫ লিটার দুধ খাই। এটা শুনে আমার নিজেরই হাসি পায়। আমি আগে হয়তো দিনে এক লিটার দুধ খেতাম, সেটাও সারা দিনে ভাগ করে। কিন্তু ৫ লিটার! সেটা কারো পক্ষেই সম্ভব না।”
এই কথা শুনে অনুষ্ঠানের সঞ্চালকও অবাক হয়ে যান। এরপর আরেকটি মজার গুজব তুলে ধরা হয়-ধোনি নাকি ওয়াশিং মেশিনে লাচ্ছি বানাতেন! ধোনি সেটিও হাসতে হাসতে নাকচ করে বলেন, -“আমি তো লাচ্ছি খাইই না, বানানো তো অনেক দূরের কথা।”
২০০৪-০৫ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধোনির ব্যাটে দেখা গেছে একের পর এক বিস্ময়কর ইনিংস। সেই সময় থেকেই নানা ‘অতিমানবীয়’ পারফরম্যান্সের পেছনে দুধকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নানা গুজব। বিশেষ করে ২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিপক্ষে তার ১৮৩ রানের অপরাজিত ইনিংসের পর, এমন সব গল্প যেন আরও ডালপালা মেলেছিল।
কিন্তু ধোনি এবার জানিয়ে দিলেন-সবটাই গুজব। দুধ খান ঠিকই, তবে পাঁচ লিটার নয়! সত্যি বলতে, ধোনির মতো শক্তিশালী ক্রিকেটারকে নিয়ে এমন রসাল গুজব ছড়ানো যেন একপ্রকার স্বাভাবিকই!
কিংবদন্তিরা তো এমনই হন-তাদের ঘিরে বাস্তব আর কল্পনার সীমারেখা মাঝেমাঝেই মুছে যায়।




