শারজায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৫৭ রানের মধ্যে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।
তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেই ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। ইনিংসের প্রথম ৫০ রান পূর্ণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন চার তারকা ব্যাটসম্যান।
সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা ওপেনার পারভেজ হোসেন ইমন আজ গোল্ডেন ডাক মেরে ফিরে যান। অধিনায়ক লিটন দাসও হতাশ করেন, ১০ বলে করেন মাত্র ১৪ রান। তাওহিদ হৃদয় দুই বল খেলেই ফিরেন শূন্য রানে।
এরপর দ্রুত ফিরে যান শেখ মেহেদি হাসান (৯ বলে ২) ও তানজিদ হাসান তামিম। তবে তানজিদের ইনিংস ছিল কিছুটা আশা জাগানিয়া। ১৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করেন তিনি, যদিও শেষ পর্যন্ত তিনিও বোল্ড হয়ে ফেরেন।
উল্লেখ্য, তিন ম্যাচের এই সিরিজে এরই মধ্যে দুই দল একটি করে ম্যাচ জয় করেছে। প্রথম ম্যাচে পারভেজ ইমনের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ ২৭ রানে জয় পায়। দ্বিতীয় ম্যাচে রেকর্ড ২০৫ রান করেও হেরে যায় টাইগাররা।
ফলে আজকের ম্যাচটি হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। যে দল জয় পাবে, তারাই সিরিজ ঘরে তুলবে।




