বছরে ৫ লাখের বেশি রোগীকে সেবা দিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল

প্রকাশিত: মে ২৪, ২০২৫; সময়: ৬:৩৬ pm | 
খবর > শীর্ষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল গত বছর (২০২৪ সালে) পাঁচ লাখেরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ সময়ের মধ্যে বহিঃবিভাগে চিকিৎসা নিয়েছেন ৩ লাখ ৯৭ হাজার ৯০০ জন এবং জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন ৪৯ হাজার ২৭৮ জন। পাশাপাশি, ৬১ হাজার ৭৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন।

গত বছরে হাসপাতালে মোট ৫ হাজার ৭০১টি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে বড় ধরনের অস্ত্রোপচার ছিল ১ হাজার ১০১টি। এছাড়া, ৩ হাজার ৫৬১টি নরমাল ডেলিভারি ও ৭১৩টি সিজারিয়ান সেকশন সম্পন্ন হয়েছে। ওষুধ সরবরাহ ব্যবস্থায়ও হাসপাতালটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, কেন্দ্রীয়ভাবে সরবরাহকৃত ১০৩ ধরনের ওষুধের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আরও ১০৩ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে, যা রোগীদের মোট ওষুধের চাহিদার প্রায় ৯৫ শতাংশ পূরণ করছে। হাসপাতালে সার্বক্ষণিকভাবে তিনটি অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছে এবং অস্ত্রোপচারে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ জানান, সেবা প্রদানের দিক থেকে দেশের সব সদর হাসপাতালের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল প্রথম স্থান অধিকার করেছে। তিনি বলেন, রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে। কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা হলে তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর অনুরোধও জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন