হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে বলল ইরান

পদ্মাটাইমস ডেস্ক: ইরানের জনগণকে মোবাইল ফোন থেকে বার্তাবিনিময়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে অনুরোধ জানিয়েছে দেশটির সরকার।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় বলা হয়, অ্যাপটি ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলে পাঠাচ্ছে- যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি কর্তৃপক্ষ।
এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। এক বিবৃতিতে তারা জানায়, “এই অভিযোগ ভিত্তিহীন এবং আমাদের সেবা বন্ধের অজুহাত হতে পারে, বিশেষত তখন যখন এটি জনগণের সবচেয়ে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।”
হোয়াটসঅ্যাপ আরও জানায়, “আমরা ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করি না, বার্তা কে কাকে পাঠাচ্ছেন বা কী পাঠানো হচ্ছে, তার কোনো কিছুই রেকর্ড করি না। কোনো সরকারকেই বড় পরিসরে তথ্য সরবরাহ করা হয় না।”
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে বার্তা পাঠানোর প্রক্রিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা নজরদারি কার্যত অসম্ভব বলে প্রতিষ্ঠানটির দাবি।




