পত্নীতলায় অনাবৃষ্টিতে আউশ চাষে বিলম্ব, সেচে বাড়তি খরচ

প্রকাশিত: জুন ১৮, ২০২৫; সময়: ৪:৫১ pm | 
খবর > কৃষি

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় অনাবৃষ্টির কারণে চলতি মৌসুমে আউশ ধান চাষে দেখা দিয়েছে বিলম্ব। নির্দিষ্ট সময়ে বৃষ্টির দেখা না মেলায় কৃষকদের সেচের মাধ্যমে জমিতে পানি দিতে হচ্ছে, ফলে খরচও বেড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর পত্নীতলায় ৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ, উঠান বৈঠক ও মাঠ পর্যায়ে পরামর্শও প্রদান করা হচ্ছে।

এবারের মৌসুমে উচ্চ ফলনশীল ব্রিধান-৪৮, ব্রিধান-৫৬, ব্রিধান-৯৮ এবং স্থানীয় জাতের আউশ ধান রোপণ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা জমি তৈরি, চারা তোলা ও রোপণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আউশ চাষে কৃষিশ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ায় বিঘাপ্রতি রোপণ খরচ পড়ছে প্রায় ১ হাজার ৬০০ টাকা।

নজিপুর ইউনিয়নের নাদৌড় গ্রামের কৃষক অনিল চন্দ্র মহন্ত জানান, তিনি পাঁচ বিঘা জমিতে আউশ চাষ করছেন। তবে শ্রমিক সংকট ও অনাবৃষ্টির কারণে এবার চাষে খরচ বেশি পড়ছে। সেচের উপর নির্ভর করায় খরচ বেড়েছে এবং চাষে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে আউশ ধানে বাম্পার ফলন হবে বলে আশা করছি। কৃষি বিভাগ কৃষকের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন