অপ্রতিরোধ্য মেসি, এমএলএসে টানা ৫ ম্যাচে জোড়া গোল

পদ্মাটাইমস ডেস্ক: মেজর লিগ সকারে যেন নতুন করে জ্বলে উঠেছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষেও থামলেন না আর্জেন্টাইন মহাতারকা। এবারও জোড়া গোল করে দলকে এনে দিলেন জয়।
শনিবার সকালে (বাংলাদেশ সময়) ঘরের মাঠে ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের দুই গোলই এসেছে মেসির জাদুকরী পা থেকে। এই নিয়ে এমএলএসে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন ৩৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। এমএলএস ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোল করার নজিরও আর কারও নেই।
মেসির এই দুর্দান্ত গোলযাত্রা শুরু হয়েছিল গত মে মাসে, মন্ট্রিয়লের বিপক্ষে। এরপর একে একে কলম্বাস ক্রু, নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন ও আবারও মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া গোল করেন। এবার সেই ধারাবাহিকতা ন্যাশভিলের বিরুদ্ধেও।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মায়ামি। অষ্টম মিনিটেই লুইস সুয়ারেসের চিপ অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ১৭তম মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক শটে মেসি দলকে এগিয়ে দেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল।
তবে বিরতির পর ৪৯তম মিনিটে হ্যারি মুখটার হেডে সমতায় ফেরে ন্যাশভিল। কিন্তু ৬২তম মিনিটে গোলরক্ষকের ভুল পাস কাজে লাগিয়ে মেসি সহজেই জাল খুঁজে নেন, জোড়া গোল পূর্ণ করেন।
বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এই জয়ে থেমে গেল ন্যাশভিলের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচের অপরাজেয় যাত্রা।
এই ম্যাচ শেষে ১৯ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তাদের পয়েন্ট কম ৫, তবে মায়ামি খেলেছে তিনটি ম্যাচ কম।
লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন মেসি। সঙ্গে করেছেন ৭টি অ্যাসিস্টও। বয়সকে হার মানিয়ে তার এই পারফরম্যান্স যেন প্রমাণ করে—মেসির জাদু ফুরোয়নি এখনো।




