যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫; সময়: ৬:৫৮ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৫ জুলাই) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ছাড়াও ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম চালুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে। এরই মধ্যে এসব দেশে কার্যক্রম শুরুর প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের জনবল, উপকরণ ও প্রশিক্ষণসহ প্রাথমিক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সবচেয়ে বেশি প্রবাসী থাকায় সেখানে সাড়া বেশি মিলছে।’

ইসি সূত্র জানায়, বিদেশে এখন পর্যন্ত ৯টি দেশে প্রায় ৪৮ হাজার প্রবাসী ভোটারের আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ১৭ হাজার প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের অন্তত ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় এই কার্যক্রম চালু আছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন