সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

গেস্ট হাউজের কক্ষে পড়ে ছিল মরদেহ, ময়নাতদন্তের প্রস্তুতি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫; সময়: ২:৫৪ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক:  চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ক্লাবের ৩০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন জানান, গত রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং রাতযাপন করেন ক্লাবের গেস্ট হাউজে। সকালে তার একটি মিটিং ছিল। নির্ধারিত সময়ে কক্ষ থেকে না বের হওয়ায় ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে দরজায় নক করেও কোনো প্রতিক্রিয়া না পেয়ে বারান্দার কাঁচের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, তিনি বিছানায় নিথর অবস্থায় পড়ে আছেন।

প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, সিআইডি’র ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন।

পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হারুন-অর-রশীদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক প্রধান ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন