গুরুদাসপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনালে মুখোমুখি হয় নাটোর একাদশ বনাম রাজশাহী কাটাখালি একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে রাজশাহী কাটাখালি একাদশ ১-০ গোলে নাটোরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাঠে হাজারো দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং নাজিরপুর ইউনিয়নের আমীর ও চেয়ারম্যান প্রার্থী মো. হামিদুর রহমান সবুজ। এসময় বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. আব্দুল আলিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরিফুল ইসলাম।




