টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রাসিকের সংবাদ সম্মেলন

তথ্যবিবরণী: রাজশাহীতে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিভাগের কমিশনার ও রাসিকের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ জানান, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এ কার্যক্রম চলবে। এ ক্যাম্পেইনের আওতায় মোট ১ লাখ ৩৫ হাজার ১২৭ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, নগরীর ২৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং ২৪০টি কমিউনিটি কেন্দ্রে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু, এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীরা এই টিকা পাবে। টিকা নিতে জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। তবে কেউ নিবন্ধন না করলে টিকা কেন্দ্রে জন্ম সনদ দেখিয়েই রেজিস্ট্রেশন ও টিকা নেওয়া যাবে। যাদের আগে টাইফয়েড হয়েছে, তারাও এই টিকা নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ পর্যন্ত অনলাইনে নিবন্ধন হয়েছে ২৬ দশমিক ৩৩ শতাংশ। ক্যাম্পেইনটি বাংলাদেশে প্রথম নয়; পাকিস্তান ও নেপালেও এর আগে এ ধরনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, “বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন টিকা কর্মসূচি সফলভাবে পরিচালনা করে আসছে। জনগণও সেগুলো আন্তরিকভাবে গ্রহণ করেছে। টাইফয়েড টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সন্তানের জন্য টিকা নিশ্চিত করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মোছা. রুমানা আফরোজ, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহমেদ, আরএমপির বোয়ালিয়া থানার এডিসি এ.টি.এম মাইনুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।




