টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল করতে নাটোরে মিডিয়াকর্মীদের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে নাটোরে মিডিয়াকর্মীদের অংশগ্রহণে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় জেলা প্রশাসক বলেন, “সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে চাই। তিন হাজার টাকা মূল্যের এই টিকা সরকার বিনামূল্যে দিচ্ছে শিশুদের সুরক্ষার জন্য। সাংবাদিকদের প্রচার-প্রচারণার মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং রেজিস্ট্রেশনের হারও বাড়বে।”
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন। তিনি বলেন, “২০১৭ সাল থেকে দেশে বেসরকারিভাবে এই টিকা গ্রহণ কার্যক্রম চালু আছে। এটি নিরাপদ ও কার্যকর। নাটোর জেলায় ৪ লাখ ২৯ হাজার ৮৮২ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।” তিনি আরও জানান, টাইফয়েডে মৃত্যুবরণকারীদের মধ্যে শতকরা ৬৮ ভাগই শিশু; তাই ৯ মাস থেকে ১৫ বছর বয়সি সব শিশুকে সুরক্ষিত করতে সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আব্দুল মতিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল।




