বাগমারায় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫; সময়: ৭:২৬ pm | 
খবর > কৃষি

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় হঠাৎ করে রাতভর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর ফসলের মাঠ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অবিরাম বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে যায়। এতে আগাম মৌসুমের আলু, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন শীতকালীন সবজি, পানবরজ ও পুকুরের মাছের চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষকরা জানান, বছরের এই সময়ে এমন বৃষ্টি একেবারেই অস্বাভাবিক। অনেকেই আগাম ফসলের আশায় চাষাবাদ শুরু করেছিলেন, কিন্তু এক রাতের টানা বৃষ্টিতে সব ফসল ডুবে গেছে।

এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় খাল ও ড্রেনেজ পথ বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশনের সুযোগ কমে গেছে। এসব জায়গায় মাছ চাষ করায় বর্ষার পানি আটকে থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে বৃষ্টির পর পানি নামতে না পেরে ফসলের ক্ষতির মাত্রা আরও বেড়েছে।

মাধাইমুড়ি গ্রামের কৃষক শামসুদ্দিন মন্ডল বলেন, “জমির ধান কেটে শুকানোর জন্য রাখা ছিল। রাতভর বৃষ্টিতে তা নষ্ট হয়ে গেছে। আমার মতো অনেক কৃষক একই বিপদে পড়েছেন।”

আরেক কৃষক আব্দুর রহিম জানান, “ঝড় ও বৃষ্টিতে আমার পানবরজ ভেঙে একাকার হয়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতি হয়েছে।”

বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “এক রাতের বৃষ্টিতে শত শত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সারা বছর বৃষ্টি হলেও এমন ক্ষতি হয়নি। আমরা ইতোমধ্যে ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পরবর্তী ফসল চাষে সহায়তা ও পরামর্শ দেওয়া হবে।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন