বৃষ্টিতে ও ঝড়ো হাওয়ায় লালপুরে ধানের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫; সময়: ৬:১৩ pm | 
খবর > কৃষি

নিজস্ব প্রতিবেদক, লালপুর: টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় নাটোরের লালপুর উপজেলার মাঠে পাকা ও আধাপাকা ধান পড়ে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। চলতি আমন মৌসুমে ফলন বিপর্যয়ের আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

রোববারও বৃষ্টি অব্যাহত থাকায় মাঠের পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। উপজেলার ওয়ালিয়া, কুজিপুকুর, রামনাথপুর, করিমপুর ও গোপালপুরসহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়- ধান মাটিতে লুটিয়ে পড়ে পানিতে একাকার হয়ে আছে। যেন মাঠের পর মাঠে মই টেনে দেওয়া হয়েছে।

করিমপুর গ্রামের কৃষক আরিফুল ইসলাম, দাঁড়পাড়া গ্রামের গোলাপ হোসেন ও রামকান্তপুরের হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে থাকা ঝোড়ো বাতাসেই ধান পড়ে গেছে। আর ১০-১২ দিন পরই ধান কেটে ঘরে তোলা সম্ভব হতো। কিন্তু এখন ধান খেতে পোকার আক্রমণ ও বৃষ্টির কারণে দ্বিগুণ ক্ষতির মুখে পড়েছেন তারা। কৃষকদের আশঙ্কা, ফলন অর্ধেকে নেমে আসতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, “বৃষ্টিতে ধানের সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ এখনই সম্ভব নয়। তবে পাকা ও আধাপাকা ধান হেলে পড়ায় ফলন কিছুটা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন