পাকিস্তান থেকে এলো ২৫ হাজার কেজি মাদক

পাখির খাদ্যের আড়ালে নিষিদ্ধ পপি সিড জব্দ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫; সময়: ৯:৪৯ am | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক: পাকিস্তান থেকে ‘পাখির খাদ্য’ ঘোষণায় আমদানি করা প্রায় ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি সিড (Afim Seed) জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (AIR) শাখা অভিযান চালিয়ে দুটি চালান আটক করে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫০ লাখ টাকার বেশি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা।

তারা জানান, মেসার্স আদিব ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড (Bird Food) আমদানির ঘোষণা দেয়। চালানটি ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে এবং পরে অফডক ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডে রাখা হয়।

১৪ অক্টোবর চালানটি খালাসের উদ্দেশ্যে বিল অব এন্ট্রি জমা দেয় এম এইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ২২ অক্টোবর চালানটির খালাস স্থগিত করে।

পরে কায়িক পরীক্ষায় দেখা যায়, প্রথম সারিতে প্রায় ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড থাকলেও তার আড়ালে লুকানো ছিল ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড।

জব্দ করা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় উদ্ভিদ সঙ্গনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার, এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। তিন প্রতিষ্ঠানই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে যে, পণ্যটি পপি সিড।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির বলেন, “অঙ্কুরোদগম সক্ষম পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য। এটি আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুসারে সম্পূর্ণ নিষিদ্ধ।”

তিনি আরও জানান, “মিথ্যা ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ পণ্য আমদানির চেষ্টা করায় কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী পুরো চালান জব্দ করা হয়েছে। ঘোষণায় পণ্যের মূল্য দেখানো হয়েছিল মাত্র ৩০ লাখ টাকা, অথচ প্রকৃত বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ।”

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন