ভারতে শুটিং বাতিল, শ্রীলংকায় ঝুঁকছেন ঢালিউড নির্মাতারা

পদ্মাটাইমস ডেস্ক: চলতি মাসেই ভারতে একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। ভারতের পরিবর্তে শ্রীলংকায় শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দেশের আলোচিত কয়েকজন নির্মাতা। সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের মধ্যে উদ্ভূত নানা জটিলতাই এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’- এই দুটি সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ভারতের বিভিন্ন শহরে। কলকাতা, মুম্বাই, হায়দরাবাদসহ একাধিক লোকেশনে শুটিংয়ের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল। তবে ভিসা জটিলতা ও যাতায়াতসংক্রান্ত অনিশ্চয়তার কারণে শেষ পর্যন্ত শুটিং সরিয়ে নেওয়া হয়েছে শ্রীলংকায়।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে ‘রাক্ষস’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, তিনি ইতোমধ্যে পুরো টিম নিয়ে শ্রীলংকায় পৌঁছেছেন। একইভাবে ‘প্রিন্স’ সিনেমার কলাকুশলীরাও শনিবার (১০ জানুয়ারি) শ্রীলংকায় পা রেখেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির প্রভাবেই দুই দেশের মধ্যে ভিসা ও যাতায়াত ব্যবস্থায় জটিলতা তৈরি হয়েছে। এতে শুটিং পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে ভারতের মতোই প্রায় সমান প্রাকৃতিক ও নগর পরিবেশ পাওয়ায় এবং নিরাপদে কাজ করার নিশ্চয়তা থাকায় শ্রীলংকাকেই বিকল্প হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা।
এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে মেহেদী হাসান হৃদয় বলেন,
“ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শৈল্পিক সম্পর্ক বহুদিনের। সাময়িকভাবে সেখানে ছেদ পড়েছে, যা আমাদের মন খারাপ করে। বিকল্প হিসেবে শ্রীলংকাকে বেছে নিয়েছি। দেশটির ভৌগোলিক সাদৃশ্য ভারতের সঙ্গে অনেকটাই মিলে যায়।”
সম্প্রতি দুই বাংলার বিভিন্ন ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে- আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান বাদ পড়ার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনই নাকি এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছেন নির্মাতা হৃদয়। তার ভাষ্য,
“ক্রিকেট ইস্যু এই সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেনি। আমি শুরু থেকেই ভারত ও শ্রীলংকা- দুই জায়গাতেই রেকি করেছিলাম। শ্রীলংকায় শুটিং করার ইচ্ছা আগেই ছিল।”
অন্যদিকে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার শুটিংও খুব শিগগিরই শ্রীলংকায় শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির একটি ইউনিট ইতোমধ্যে সেখানে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই ক্যামেরা চালু হবে।
উল্লেখ্য, দুটি সিনেমাতেই ভারতীয় নায়িকারা অভিনয় করছেন। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন দেবের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। আর ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে।




