রাজশাহী-৩ আসনে ‍যুবদল নেতা সাজিমের নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণসংযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬; সময়: ৭:৩৮ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের পক্ষে মাঠে নেমেছেন যুবদলের নেতাকর্মীরা। ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রচার মিছিল ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আকলেসুর রহমান সাজিমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় মিছিল নিয়ে প্রচারণা চালান নেতাকর্মীরা।

প্রচার মিছিলটি হাড়ুপুর, নবগঙ্গা ও মুরারিপুর এলাকাসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবসতিপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান এবং স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিভিন্ন স্থানে পথসভা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিএনপি প্রার্থীর পক্ষে সমর্থন জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার করা হয়েছে। ভোটারদের কাছে পৌঁছে দলের অবস্থান ও প্রতিশ্রুতি তুলে ধরতেই এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

মিছিল ও গণসংযোগে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু হাসান, জেলা যুবদলের সাবেক সদস্য শফিকুল ইসলাম শফি, যুবদল নেতা আশরাফুল, আক্তারুল, সাদ্দামসহ শতাধিক নেতাকর্মী। প্রচার কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন