প্রতিপক্ষের মার্কার ঢেউ ঠেকাতে চারদিকে ঘেরাও: মেজর (অব.) মঞ্জুর কাদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬; সময়: ৮:০৮ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের বলেছেন, প্রতিপক্ষের মার্কার প্রভাব মোকাবিলায় তারা মাঠ ঘিরে রেখেছেন এবং জোটের প্রার্থীদের পক্ষে শক্ত জনমত তৈরি হয়েছে। তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় প্রতিদ্বন্দ্বীদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া সম্ভব হবে।

রোববার এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় ১১–দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আলমের সমর্থনে।

মেজর (অব.) মঞ্জুর কাদের বলেন, তিনি সরাসরি নির্বাচনে অংশ নিতে না পারলেও জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করছেন। তার ভাষ্য অনুযায়ী, চারদিক থেকে সাংগঠনিকভাবে অবস্থান নেওয়ার ফলে জোটের প্রতীকগুলোর পক্ষে ভোটের স্রোত তৈরি হয়েছে এবং প্রতিপক্ষের প্রভাব বিস্তার কঠিন হবে।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এনায়েতপুরে তিনি আগে একটি হাট প্রতিষ্ঠা করেছেন এবং জোটের প্রার্থী বিজয়ী হলে তাঁত শিল্পের বিকাশে এনায়েতপুর-বেলকুচি সড়কের দুই পাশে শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তাঁতিদের জন্য বাজার ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও চুরি-ডাকাতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে ব্যবসা করতে পারেন এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। নিজের আইন বিষয়ে পড়াশোনা ও প্রশাসনিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সক্ষমতা কাজে লাগিয়ে অপরাধ দমনে কাজ করবেন।

সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতের আমীর সেলিম রেজা। এতে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আলম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনীত এনসিপি প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন এবং জামায়াত নেতা খন্দকার আল আমিনসহ অন্য নেতারা। সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন