শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নওগাঁয় সাংস্কৃতিক প্রচারণা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬; সময়: ৮:২৭ pm | 
খবর > নির্বাচন

মাসুদ রানা, পত্নীতলা: আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার প্রত্যাশায় নওগাঁর বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাংস্কৃতিক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এ আয়োজন করা হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) অবাধ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে নওগাঁ-১, নওগাঁ-২ ও নওগাঁ-৩ আসনের বিভিন্ন জনবহুল এলাকায় এই সাংস্কৃতিক প্রচারণা চালানো হয়।

আয়োজকরা জানান, নির্বাচনকে ঘিরে যাতে কোনো মহল সংখ্যালঘু বা ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি ভোটারদের দায়িত্বশীল অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

সকাল ১০টায় নজিপুর নতুনহাট এলাকা থেকে প্রচারণার গাড়ির যাত্রা শুরু হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পত্নীতলার সমন্বয়কারী সাজেদুর রহমান দুলাল দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শান্তিপূর্ণ নির্বাচন ও গণঅংশগ্রহণের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

দিনভর প্রচারণার গাড়িটি ধামইরহাটের আমাইতাড়া বাজার, আগ্রাদিগুণ বাজার, সাপাহার জিরো পয়েন্ট, মধইল বাজার, পত্নীতলা বাজার, মাতাজিহাট বাসস্ট্যান্ড এবং নজিপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ঘুরে সাংস্কৃতিক পরিবেশনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সাংস্কৃতিক প্রচারণা নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন