রাজশাহী-১ আসনে তরুণদের শক্তিকে কাজে লাগাতে চান ঈগল প্রতীকের প্রার্থী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬; সময়: ৮:৩৫ pm | 
খবর > নির্বাচন

মুক্তার হোসেন, গোদাগাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে নির্বাচনী লড়াই এগিয়ে নিতে চান আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী। তিনি মাঠপর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।

নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, গ্রাম ও জনবহুল এলাকায় তার প্রচারণা আরও জোরদার হয়েছে। প্রতিদিন লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি দলের রাজনৈতিক দর্শন ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন।

প্রচার কার্যক্রমে তরুণ ও শিক্ষিত ভোটারদের বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন এই প্রার্থী। উন্নয়ন, সংস্কার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বার্তা নিয়ে তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন তিনি। “রাষ্ট্র হবে জনতার”—এই স্লোগান সামনে রেখে তারুণ্যনির্ভর অংশগ্রহণমূলক রাজনীতির কথা তুলে ধরছেন বলে জানা গেছে।

অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায় আমাদের পক্ষেই আসবে বলে আমি আশাবাদী।” তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাজনীতি গড়াই এবি পার্টির মূল লক্ষ্য।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে রাজশাহী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জমে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠানের আড্ডা ও চায়ের দোকান—সবখানেই প্রার্থী ও প্রতীক নিয়ে আলোচনা বাড়ছে। এর মধ্যে ঈগল প্রতীকের প্রার্থীর ধারাবাহিক মাঠপর্যায়ের প্রচারণা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন