পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

পদ্মাটাইমস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে পুনঃগণনার দাবিতে নির্বাচন কমিশনে গেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছে তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন।
এর আগে শনিবার বিকেলে আয়োজিত এক ব্রিফিংয়ে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, নির্বাচনের দিন বিভিন্ন আসনে ভোটারদের বাধা দেওয়া, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ফলাফল শিটে ওভাররাইটিং, পেন্সিলে লেখা এবং ঘষামাজার মতো অনিয়ম হয়েছে। এসব বিষয় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
জোটের অভিযোগ, কোথাও ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কোথাও দ্রুত ফল ঘোষণা করা হয়েছে-যা পক্ষপাতের আশঙ্কা তৈরি করেছে। তারা জানান, যেসব আসনে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, সেসব আসনে পুনঃগণনার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হবে। পাশাপাশি সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন নেতারা।
ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রের ফলাফল শিটে এজেন্টদের নামের গরমিল, এনআইডি নম্বর অনুপস্থিতি, কার্বন কপি ব্যবহার, পেন্সিলে লেখা এবং ফটোকপি শিট ব্যবহারের মতো অসংগতি পাওয়া গেছে। তার দাবি, পুনঃগণনা হলে প্রকৃত ফলাফল প্রকাশ পাবে।
নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন জোট নেতারা। তারা জানান, বিভিন্ন এলাকায় হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পুনঃগণনার আবেদন করা হবে এমন ৩০টি আসনের মধ্যে রয়েছে-ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।




