সন্তানের কথা ভেবে কাঁদলেন বুবলী

পদ্মাটাইমস ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী সম্প্রতি রুম্মান খানের পডকাস্টে হাজির হয়ে মাতৃত্বের অভিজ্ঞতা ও ব্যক্তিগত সংগ্রামের কথা শেয়ার করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। পর্দায় সবসময় হাসিখুশি ও গ্ল্যামারাস দেখা গেলেও বাস্তব জীবনের সংগ্রাম ও সন্তান বিষয়ক স্মৃতিচারণ করতে গিয়ে তিনি ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা মহামারির সময় তিনি মা হওয়ার অপেক্ষায় ছিলেন। বুবলী বলেন, “সে দিনগুলো ছিল আমার পুনর্জন্ম। প্রেগন্যান্ট অবস্থায় আমেরিকায় ছিলাম, কিন্তু কোভিডের ভয়াবহ পরিস্থিতি আমরা কেউ জানতাম না।” কথাগুলো বলার সময় তার কণ্ঠ জড়িয়ে আসে এবং একপর্যায়ে চোখের পানি ধরে রাখতে পারেননি।
তিনি আরও যোগ করেন, তার মায়ের প্রতি ভালোবাসা বিশেষভাবে গাঢ়। বুবলী বলেন, “আমার মায়ের জন্য আমার অনুভূতি আলাদা, যেমন আমার সন্তানের জন্য। আম্মু সবসময় বলতেন-মা হলে বুঝবে।”
পডকাস্টে বুবলী তার ক্যারিয়ার ও অর্জন-অর্জিত বিষয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, নবাগত হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়া তার জন্য বড় অনুপ্রেরণা ছিল। যদিও পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও কিছু পুরস্কার পাওয়ার আশ্বাস পেয়েও শেষ পর্যন্ত পাননি। বুবলী বলেন, “অনেক সময় বলা হয়েছে আমি পুরস্কার পাচ্ছি, কিন্তু পাইনি। এটা জীবনের অংশ।”
উল্লেখ্য, বুবলীর ও শাকিব খান-এর সন্তান শেহজাদ খান বীর জন্মগ্রহণ করেন ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে। বর্তমানে বুবলী কাজ ও সন্তানকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন এবং ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই মোকাবিলা করছেন।




