জামানত বাঁচাতে পারেননি ৬৬ শতাংশ প্রার্থী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬; সময়: ১১:৫১ am | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বড় একটি অংশ জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল বিশ্লেষণে দেখা গেছে, মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৩৪৭ জন নির্ধারিত ভোট না পাওয়ায় তাদের জামানত রক্ষা করতে পারেননি। অর্থাৎ প্রায় ৬৬ শতাংশেরও বেশি প্রার্থী জামানত হারিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে দেশের ৫১টি রাজনৈতিক দল অংশ নেয়। ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ ২৯১টি আসনে প্রার্থী দেয়। দলটির কোনো প্রার্থীই জামানত হারাননি।

অন্যদিকে বিরোধী দলের আসনে বসতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৯টি আসনে প্রার্থী দেয়। তাদের মধ্যে তিনজন নির্ধারিতসংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারান।

বিগত সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ১৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। দলটির প্রার্থীদের মধ্যে মাত্র পাঁচজন জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন; বাকি সবাই জামানত হারিয়েছেন।

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে তিনজন জামানত হারিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), নাগরিক ঐক্য-সহ অন্যান্য দলের বেশিরভাগ প্রার্থী জামানত রক্ষা করতে পারেননি।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, এবারের নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে প্রদত্ত বৈধ ভোটের অন্তত এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট পেতে হয়। এর কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়।

প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে ভোট হয়নি। এছাড়া আদালতে মামলা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র প্রার্থী ৭টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন