ভোক্তা-অধিকার আইন নিয়ে রাবিতে ক্যাবের সচেতনতামূলক সভা

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬; সময়: ৮:১৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ভোক্তা-সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। ক্যাব ইয়ুথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, জনপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন।

সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা মামুন বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ শুধু একটি আইন নয়; এটি সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার শক্তিশালী হাতিয়ার। শিক্ষার্থীরা আজকের ভোক্তা এবং আগামীর নীতিনির্ধারক—তাই বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই এ আইন সম্পর্কে সচেতনতা গড়ে তোলা জরুরি। বাজারে ভেজাল, প্রতারণা ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম রোধে নাগরিক সচেতনতার গুরুত্বও তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, সচেতন ভোক্তা মানেই দায়িত্বশীল নাগরিক। শিক্ষার্থীরা নিজেদের অধিকার সম্পর্কে অবগত হলে পরিবার ও সমাজকেও সচেতন করতে পারবে। তিনি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন জানান, আইনে ভেজাল পণ্য বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন, ওজন ও পরিমাপে কারচুপি এবং অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে অভিযোগের মাধ্যমে আইন অনুযায়ী প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। অনিয়ম দেখলে সাহসের সঙ্গে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে আইনটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ভোক্তা-অধিকার সুরক্ষায় আরও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। সভায় পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজি নাজমুল ইসলাম ও মোহনপুর উপজেলা ক্যাবের সভাপতি রুবেল সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন