সংবিধান সংস্কার পরিষদ গঠনে দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬; সময়: ১২:২১ am | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : গণভোটে উঠে আসা জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালনে সরকার এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণের অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি এখন জবাবদিহি, সংস্কার ও ন্যায়বিচার প্রত্যাশী নাগরিকদের আশা বুকে নিয়ে জাতীয় সংসদে প্রবেশ করেছে। তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, সংস্কার প্রক্রিয়া, বিচারিক পদক্ষেপ এবং নির্বাচন -সবই সেই সময়ের উত্তরাধিকার, যা গত এক বছরে দেশের রাজনৈতিক গতিপথকে প্রভাবিত করেছে।

তিনি আরও বলেন, এনসিপি শুরু থেকেই গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে সোচ্চার রয়েছে। জুলাইয়ের নৃশংসতা ও জোরপূর্বক গুমের ঘটনাগুলোর বিচার দাবিতে দলটি আপসহীন অবস্থানে রয়েছে। একই সঙ্গে সার্বভৌম পররাষ্ট্রনীতি, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে দলটি।

কূটনীতিকদের উদ্দেশে নাহিদ ইসলাম জানান, প্রথম জাতীয় নির্বাচনে এনসিপি একটি জোটের অংশ হিসেবে নির্ধারিত কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং একই সঙ্গে দলীয় নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছে। এতে দলটি ছয়টি আসনে বিজয়ী হয়েছে এবং জাতীয় ভোটের প্রায় ৩ শতাংশ পেয়েছে।

তার ভাষ্য, একটি যুব আন্দোলন থেকে উদীয়মান রাজনৈতিক শক্তিতে রূপান্তরের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। তবে নির্বাচনের ফলাফল এখনো প্রতিষ্ঠিত ক্ষমতাকাঠামোর শক্ত অবস্থানকেই প্রতিফলিত করে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, ভোটগ্রহণ প্রক্রিয়া মোটামুটি বিশ্বাসযোগ্য হলেও কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ রয়েছে।

এ সময় এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটে জনগণের যে মতামত প্রকাশ পেয়েছিল, তার ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সরকারের দায়িত্ব ছিল। কিন্তু এখনো সেই উদ্যোগ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই।

ইফতার মাহফিলে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি, যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, আইনজীবী আবু হেনা রাজ্জাকী এবং প্রথম আলো-এর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ বিভিন্ন বিশিষ্টজন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন