সংরক্ষিত আসনে প্রথম দিন মনোনয়ন ফরম নিলেন ৫৪৪ জন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৫৪৪ জন প্রার্থী। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর নেতৃত্বে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগামী ১২ এপ্রিলের মধ্যে ফরম জমা দিতে হবে। এছাড়া জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।
এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং তা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।




