ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

জাকার্তার উপকণ্ঠে ভয়াবহ দুর্ঘটনা; আহত ৮৪, তদন্ত শুরু

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬; সময়: ৫:০৩ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা-র উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ধ্বংসস্তূপ থেকে শেষ ভুক্তভোগীকে উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনাটি ঘটে সোমবার রাতে বেকাসি তিমুর স্টেশন এলাকায়। সেখানে থেমে থাকা একটি কমিউটার ট্রেনের পেছনের বগিতে দূরপাল্লার একটি ট্রেন সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। যে বগিটিতে আঘাত লাগে, সেটি নারীদের জন্য সংরক্ষিত ছিল-যাত্রী হয়রানি প্রতিরোধে চালু করা একটি বিশেষ ব্যবস্থা।

রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা পিটি কেরেতা আপি ইন্দোনেশিয়া জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ৮৪ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ পরিচয় শনাক্তের জন্য পাঠানো হয়েছে।

উদ্ধার তৎপরতার দায়িত্বে থাকা জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সকাল নাগাদ ধ্বংসস্তূপের ভেতর থেকে সব ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং নতুন করে আর কোনো হতাহতের আশঙ্কা নেই।

এদিকে, দূরপাল্লার আর্গো ব্রমো অ্যাংগ্রেক ট্রেনের ২৪০ জন যাত্রী সবাই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে সিগন্যাল বিভ্রাট বা মানবিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন