পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু

পদ্মাটাইমস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে একযোগে এই গণনা কার্যক্রম শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গের ফলাফলের দিকে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অনিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে ওই আসনের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে আজ ২৯৩টি আসনের ফল গণনা করা হচ্ছে। বাতিল হওয়া কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে ২১ মে এবং ফল ঘোষণা করা হবে ২৪ মে।
নিয়ম অনুযায়ী প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রদত্ত ভোট গণনা করা হবে।
পশ্চিমবঙ্গে ২০১১ সালে বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনেও বড় ব্যবধানে জয় পেয়ে দলটি তাদের অবস্থান সুদৃঢ় করে। অন্যদিকে, ২০১৬ সালের পর থেকে বিজেপি রাজ্য রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে এবং ২০২১ সালে তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের ভোটের হার উল্লেখযোগ্যভাবে বাড়ায়। বিপরীতে বাম ও কংগ্রেস জোট ক্রমশ দুর্বল হয়ে পড়ে।
বুথ ফেরত জরিপে নানা ইঙ্গিত পাওয়া গেলেও চূড়ান্ত ফল নির্ভর করছে ইভিএম গণনার ওপর। এর মাধ্যমেই নির্ধারিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরছে, নাকি পরিবর্তনের স্লোগান তুলে বিজেপি নতুন সমীকরণ তৈরি করছে।
এদিকে সম্ভাব্য যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
অন্যান্য রাজ্যের মধ্যে আসামে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কেরালা ও তামিলনাড়ুতেও বুথ ফেরত জরিপে পরিবর্তনের আভাস মিললেও চূড়ান্ত চিত্র নির্ধারিত হবে ভোট গণনার ফলাফলের মাধ্যমে।




