ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: মে ১৪, ২০২৬; সময়: ১১:১৩ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: যে বাড়িতে কয়েকদিন পর বিয়ের সানাই বাজানোর কথা ছিল, সেই বাড়িতেই এখন নেমে এসেছে শোকের ছায়া। নেই কোনো আনন্দ, নেই উৎসবের প্রস্তুতি- শুধুই কান্না আর চার ভাইয়ের নিথর দেহ দেশে ফেরার প্রতীক্ষা।

বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার একই পরিবারের চার সহোদর- রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তারা ওমানে অবস্থান করছিলেন। তাদের মধ্যে এক ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় বাড়িতে চলছিল আনন্দের প্রস্তুতি। শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরারও কথা ছিল। বিয়ের কেনাকাটা সম্পন্ন করতে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ যাত্রা।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চারজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে এসি চালু অবস্থায় দীর্ঘসময় থাকার কারণে অক্সিজেনের ঘাটতি বা বিষক্রিয়ার মতো কোনো কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে ওমানের পুলিশ।

বর্তমানে মরদেহগুলো রোস্তাক থানার হেফাজতে রয়েছে। সেখান থেকে মাস্কাটে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা দেশে মরদেহ ফেরানোর অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন