পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি

প্রকাশিত: মে ১৪, ২০২৬; সময়: ৮:০৮ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: পশ্চিমবঙ্গে পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন কঠোর বিধিনিষেধ জারি করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। নতুন নির্দেশনায় গরু, ষাঁড় ও মহিষসহ বিভিন্ন পশু জবাইয়ে অনুমতি ও সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, রাজ্য সরকার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না।

নতুন নিয়ম অনুযায়ী, গরু, মহিষসহ সব ধরনের পশুর ক্ষেত্রেই এই সনদ বাধ্যতামূলক। নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা ১ হাজার রুপি জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পশু জবাইয়ের আগে নিশ্চিত করতে হবে যে পশুটি নির্ধারিত শর্ত পূরণ করছে। সনদে উল্লেখ থাকবে- পশুটির বয়স ১৪ বছরের বেশি, অথবা বয়স, আঘাত, বিকলাঙ্গতা কিংবা অনিরাময়যোগ্য রোগের কারণে সেটি কাজ বা প্রজননের অযোগ্য।

এই সনদ পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে প্রদান করবেন। সনদ প্রদানে অস্বীকৃতি জানালে ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করার সুযোগ থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত পশু কেবল পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। খোলা জায়গা বা জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, নিয়ম বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ, পঞ্চায়েত সভাপতি এবং পশু চিকিৎসকের অনুমোদিত কর্মকর্তারা যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন। পরিদর্শনে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন