অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত: মে ১৯, ২০২৬; সময়: ১০:১৫ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাসায় স্ত্রী ও দুই ছেলেকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাতে ক্যাম্পবেলটাউন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৪৬ বছর বয়সী এক নারী এবং তাঁর ১২ ও ৪ বছর বয়সী দুই ছেলে সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি রাত ৭টা ৫০ মিনিটের দিকে পুলিশে ফোন করে সাহায্য চান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তিনটি পৃথক কক্ষ থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

তবে তদন্তের স্বার্থে এখনো নিহত কিংবা অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তারা বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবার।

জানা যায়, পরিবারটি প্রায় ১২ বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। পরিবারের বাবা বাসায় থেকে সন্তানদের দেখাশোনা করতেন এবং মা চাকরি করতেন। নিহত বড় ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন ছিল বলেও জানা গেছে।

ঘটনাটি প্রকাশের পর অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন