যুক্তরাষ্ট্রে মসজিদে গুলি, দুই কিশোরসহ নিহত ৫

প্রকাশিত: মে ১৯, ২০২৬; সময়: ১১:৩৩ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়াগোতে একটি মসজিদের সামনে বন্দুকধারীদের গুলিতে এক নিরাপত্তারক্ষীসহ তিনজন নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন দুই কিশোরকেও মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে সান ডিয়াগোর বৃহত্তম মসজিদ ইসলামিক সেন্টার অব সান ডিয়াগোতের সামনে এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সন্দেহভাজন দুই কিশোর নিজেদের গুলিতেই নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সান ডিয়াগো পুলিশ প্রধান স্কট ওয়াল জানিয়েছেন, ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে এফবিআই ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, হামলার সময় মসজিদ প্রাঙ্গণের দিবা বিদ্যালয়ে অনেক শিশু উপস্থিত ছিল। তবে তারা সবাই নিরাপদ রয়েছে।

পুলিশ প্রধান জানান, হামলার প্রায় দুই ঘণ্টা আগে এক কিশোরের মা পুলিশকে ফোন করে জানান, তাঁর ছেলে বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে গেছে এবং সে আত্মহত্যাপ্রবণ। ওই কিশোরের সঙ্গে আরেকজন ছিল এবং তারা ছদ্মবেশী পোশাক পরে ছিল বলেও জানান তিনি।

এরপর পুলিশ বিভিন্ন এলাকায় সতর্ক টহল শুরু করে। পরে মসজিদ থেকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তাদের ধারণা, নিহত নিরাপত্তারক্ষী আরও বড় ধরনের রক্তপাত ঠেকাতে চেষ্টা করেছিলেন।

কিছু সময় পর রাস্তার মাঝখানে থেমে থাকা একটি গাড়ি থেকে ১৭ ও ১৮ বছর বয়সী দুই সন্দেহভাজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তারা নিজেদের গুলিতেই মারা গেছে।

ঘটনার পর তাহা হাসান সাংবাদিকদের বলেন, “এর আগে এমন ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা আমাদের হয়নি। একটি প্রার্থনার স্থানকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত মর্মান্তিক।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন