রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে সোমবার থেকে রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়।
মঙ্গলবার সকালে চলমান এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের যথাযথভাবে ও দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই দশক ধরে ওই এলাকায় ড্রেন পরিষ্কার না হওয়ায় নিয়মিত জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে ছিলেন তারা। দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে ভবিষ্যতে জলাবদ্ধতার দুর্ভোগ অনেকটাই কমে যাবে।
এ সময় নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সবাইকে সচেতন হতে হবে। ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে। নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করতে হবে।




