বাংলাদেশের ‘ডনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা ইরানের

পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের একটি অ্যালবিনো মহিষকে ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডনাল্ড ট্রাম্প’। সেই মহিষকে নিয়েই এবার ব্যঙ্গ করেছে ইরান।
রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে। সেখানে লেখা হয়, ‘বেচারা! ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটির মন খারাপ হয়ে গেছে।’
ইরানি দূতাবাস পোস্টের সঙ্গে রুশ সংবাদমাধ্যম আরটি এর একটি প্রতিবেদনও যুক্ত করে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনার পর মহিষটিকে দেখতে এত মানুষের ভিড় হচ্ছে যে সে ঠিকমতো খাওয়া-দাওয়া পর্যন্ত করছে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি) ওজনের এই মহিষটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের তারকায় পরিণত হয়েছে। ভাইরাল হওয়া এই মহিষকে দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন অসংখ্য উৎসুক মানুষ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি মহিষটির ছবি প্রকাশ করেছে।
মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, নারায়ণগঞ্জে তার খামারে থাকা এই মহিষটির বিশেষ চুলের ধরন থেকেই এমন নামকরণ করা হয়েছে। তিনি বলেন, ‘মহিষটির অসাধারণ চুলের স্টাইল দেখেই আমার ছোট ভাই এর নাম ডনাল্ড ট্রাম্প রেখেছে।’
তিনি আরও জানান, পুরো মে মাসজুড়েই সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী, আশপাশের মানুষ ও শিশুরা তার খামারে ভিড় করছেন ভাইরাল হওয়া এই মহিষটিকে এক নজর দেখার জন্য।
চার বছর বয়সী এই গবাদিপশুটিকে গত এক বছর ধরে লালন-পালন করছেন জিয়া উদ্দিন। তবে আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানি দেওয়া হবে ‘ডনাল্ড ট্রাম্প’কে। এ বিষয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি ডনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা- ত্যাগ স্বীকার করা।’ সূত্র- দ্য টাইমস অব ইন্ডিয়া




