অসহায়দের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ঈদের আনন্দ ভাগাভাগি

প্রকাশিত: জুন ১, ২০২৬; সময়: ৬:২৭ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজার-এ গরিব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ -এর মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

গত ২৮ মে মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর এলাকার বোরহানাবাদে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ঈদুল আযহার আনন্দ সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক পরিবার নানা কারণে কোরবানির মাংস সংগ্রহ করতে পারেন না। তাদের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা মাংস প্রস্তুত, প্যাকেটজাত ও বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে মাংসের প্যাকেট তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

বসুন্ধরা শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)-এর মহাসচিব নাজমুল হোসাইন, শুভসংঘের কার্যকরী পরিষদের সদস্য মাহবুব রহমান ইয়ামিম, রেদওয়ান আহমদ ছামীসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। কোরবানির মূল শিক্ষা—ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণের চেতনাকে ধারণ করে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে আয়োজকরা সমাজের সামর্থ্যবান মানুষদের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে এগিয়ে আসার আহ্বান জানান। তাদের মতে, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের সব মানুষের মধ্যে ভাগাভাগি করা যায়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন