নাটোরে ট্রাকচাপায় একসঙ্গে প্রাণ গেল তিন ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন তিন ভাই। সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়ক-এর সিংড়ার বন্দর আমতলা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা ওই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮), নাটোর সদরের ইসলামবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন ওরফে হীরা (৩২) এবং নাটোরের আলাইপুর এলাকার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬)। তারা পরস্পরের মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।
ঝলমলিয়া হাইওয়ে থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সকালে বন্দর আমতলা এলাকায় একটি মিনি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন ও মুক্তার হোসেনের মৃত্যু হয়।
গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনজনই নাটোর থেকে মোটরসাইকেলে করে সিংড়ার দিকে বেড়াতে যাচ্ছিলেন। পথেই এ দুর্ঘটনা ঘটে।
এদিকে একই এলাকায় আরও একটি সড়ক দুর্ঘটনায় রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুণ্ডরী গ্রামীণ সড়কে অজ্ঞাত একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কলম ইউনিয়নের পুণ্ডরী গ্রামের আজিম উদ্দিনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।




