মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি

পদ্মাটাইমস ডেস্ক: মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খুলনার রূপসা উপজেলায় তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহীনুর শেখ (৪৫) বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহীনুর শেখ উপজেলার ৪ নম্বর টিএসবি বাহিরদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তিনি তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে নিজ গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন শাহীনুর শেখ। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার পায়ে লাগে। অপর একটি গুলি মাথার চামড়া ভেদ করে বেরিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।




