বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক: বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)। তারা রমিছার মেয়ে ও জামাতার ফাঁকা বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে পুটু মিয়া নামে এক ব্যক্তি ওই বাড়িতে পানি খেতে গিয়ে ঘরের ভেতরে আনোয়ার ও রমিছাকে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ছিল। তারের বিভিন্ন স্থানে ছেঁড়া অংশ ও বিদ্যুৎ লিকেজ থাকায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ওই দম্পতির মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ দুটি থানা হেফাজতে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।




