দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশুর মৃ’ত্যু

প্রকাশিত: জুন ৭, ২০২৬; সময়: ১১:১১ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুল ইসলাম বাগমারা তাহেরপুরের হরিফলা এলাকার খুরশেদের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম তার ছেলে সাদিকুলকে নিয়ে নানাবাড়িতে এসেছিলেন। পরে তাহেরপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে এবং চালককে ধরে মারধর করে। এতে চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন