তানোরে অধ্যক্ষের বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের অভিযোগ

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম খানের বিরুদ্ধে জমি দখল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার সীমান্তবর্তী আলোকচ্ছত্র গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে আদালত ও থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
মামলার নথি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকচ্ছত্র মৌজার একটি বসতভিটা নিয়ে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানা ও দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ওই জমির দখল নিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম খান বহিরাগত লোকজন নিয়ে ভাঙচুর, হামলা ও লুটপাট চালান।
এ ঘটনায় আলোকচ্ছত্র গ্রামের আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নজরুল ইসলাম খানসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় মারধর, ভাঙচুর, অনধিকার প্রবেশ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন, বাদী-বিবাদী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং সাক্ষ্যগ্রহণ করা হয়। তদন্তে জানা যায়, বাদী ও বিবাদীপক্ষ নিকটাত্মীয় এবং সংশ্লিষ্ট জমি নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২২ ডিসেম্বর দুপুরে আসামিরা সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে গিয়ে জমির ইটের প্রাচীর ভেঙে ক্ষতিসাধন করেন। পরে তারা বাদীপক্ষের পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। বাধা দিতে গেলে বাদীর পিতাকে মারধরের অভিযোগও পাওয়া যায়। এছাড়া বাড়ি নির্মাণের জন্য রাখা ৫০ বস্তা সিমেন্ট ও ১০০ কেজি রড নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
পুলিশের তদন্তে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৭৯, ৪২৭, ৪৪৭, ৫০৬ ও ৩৪ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ভুক্তভোগী পরিবারের সদস্য আকিল আমিন শুভ রাজশাহী জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আঞ্চলিক কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে নজরুল ইসলাম খানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, জমি দখলের চেষ্টা, ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনি জড়িত। এছাড়া জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া এবং কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম খান। তিনি বলেন, “দলিলমূলে ওই জমির মালিক আমি। দলিল যাচাই করলেই বিষয়টি স্পষ্ট হবে। প্রতিপক্ষ আমার জমি দখলের চেষ্টা করছে। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই তারা বিভিন্ন অভিযোগ করছে।”




