রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক সেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পৃথক অভিযানে গাঁজাসহ এক নারী ও গরু চুরির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার বনমালিকুড়ি এলাকা থেকে কামরুল ইসলাম প্রামানিক (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সরিয়া গ্রামের মৃত মকবুল প্রামানিকের ছেলে।
থানাপুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম আসাদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি চেক জালিয়াতি মামলায় নাটোর আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছিল। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, গ্রেপ্তার কামরুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রুহেল প্রামানিক (২৫) নামে এক মাদক সেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার আতাইকুলা তজের মোড় এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. রাকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রুহেলকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে একই রাতে পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ রিপা খাতুন (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল কাজী ওরফে লুক্কার মেয়ে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে সেলিম উদ্দীন (৩২) নামে আরও একজনকে উপজেলার বিজয়কান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভবানীপুর গ্রামের কালাম সরদারের ছেলে। গ্রেপ্তারদের সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।




