শেখ মুজিবের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

পদ্মাটাইমস ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ম্যুরালে কালি লেপনের ঘটনার প্রতিবাদ জানান। প্রায় আধা ঘণ্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং কয়েকটি যানবাহন আটকা পড়ে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে বিক্ষোভ কর্মসূচিতে কারা নেতৃত্ব দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার সোমবার দুপুরে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।
স্থানীয় সূত্র জানায়, গত ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে দুর্বৃত্তরা কালি লেপন করে। পরদিন রাতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে ম্যুরালটি পরিষ্কার করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “শুনেছি ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করছিলেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”




