রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: জুন ১৭, ২০২৬; সময়: ৮:৩৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন সম্ভাবনা ও আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং রাজশাহী সফর শেষে মঙ্গলবার যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত বলেন, “পদ্মা থেকে পাহাড়পুর -রাজশাহীর ইতিহাস ও প্রাণশক্তি সত্যিই অসাধারণ। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমাদের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা করছি।”

রাষ্ট্রদূতের এই মন্তব্যকে রাজশাহীর ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ ও স্বীকৃতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি রাজশাহী সিটি কর্পোরেশনের নেতৃত্বে নগর উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ এবং সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক বার্তা বহন করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ রাজশাহী ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং উন্নয়ন সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগরীকে একটি সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কার্যকর সহযোগিতা আরও সম্প্রসারণে কাজ করা হবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের রাজশাহীতে আগমন এবং তার ইতিবাচক মনোভাব আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন