ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬; সময়: ৯:১০ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ঐতিহ্য (ঘোড়া) চত্বর থেকে বন্ধগেট পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৭ জুন) দুপুরে পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন রাসিক প্রশাসক।

তিনি ফুটপাতের ওপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, “ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবাইকে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে।”

তিনি এ বিষয়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন