রাজশাহীতে মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: জুন ২৩, ২০২৬; সময়: ৩:২৭ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মাহমুদুস সালেহীন, রফিক আহমেদ ডলারসহ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে। যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে সাহেববাজার জিরো পয়েন্ট ও গণকপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন