ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে পরিদর্শনে রাসিক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬; সময়: ১১:৩৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) একটি প্রতিনিধি দল। এ সময় নির্ধারিত হারে টোল আদায় নিশ্চিত করতে ফেরিঘাট এলাকায় স্থায়ীভাবে দুটি টোল চার্ট স্থাপনের স্থান নির্ধারণ করা হয়েছে।

বুধবার চর মাজারদিয়াড় এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তুলে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করে প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেন এবং চরবাসীর সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে রাসিকের একটি প্রতিনিধি দল আমিরপুর ফেরিঘাট পরিদর্শন করে। পরিদর্শনকালে সাধারণ যাত্রীদের সুবিধার্থে ফেরিঘাটে স্থায়ীভাবে দুটি টোল চার্ট স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়, যাতে সবাই সহজেই নির্ধারিত টোল হার সম্পর্কে জানতে পারেন।

এ সময় প্রতিনিধি দল সংশ্লিষ্টদের নির্ধারিত টোল চার্ট অনুযায়ী টোল আদায়ের নির্দেশনা দেয়। একই সঙ্গে নির্ধারিত হারের অতিরিক্ত টোল আদায় কিংবা প্রশাসনের নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

পরিদর্শনকালে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন