বিশ্বকাপের টিকিটের বাজারে বড় ধস
শেষ ষোলোর আগে ৩০ শতাংশের বেশি কমল যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দাম, কমেছে অন্য ম্যাচের মূল্যও

স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোর লড়াই শুরু হওয়ার আগেই ফুটবল বিশ্বকাপের টিকিটের বাজারে বড় ধরনের মূল্যপতন দেখা দিয়েছে। সবচেয়ে বেশি দামের পতন হয়েছে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার বহুল আলোচিত ম্যাচের টিকিটে। কয়েক দিনের ব্যবধানে এ ম্যাচের টিকিটের মূল্য ৩০ শতাংশেরও বেশি কমেছে।
টিকিটের মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম গত ১ জুন প্রায় ৪ হাজার মার্কিন ডলারে পৌঁছেছিল। পরে তা কমে দাঁড়ায় ১ হাজার ৫৪৯ ডলারে।
যুক্তরাষ্ট্র বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর টিকিটের দাম কিছুটা বাড়লেও সেই ঊর্ধ্বগতি স্থায়ী হয়নি। গত শুক্রবার সর্বনিম্ন মূল্য ছিল ২ হাজার ৮৩৬ ডলার। তবে শনিবার বিকেলে তা নেমে আসে ১ হাজার ৪২৩ ডলারে, যা আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। পরে সন্ধ্যায় সামান্য বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৩৫ ডলারে।
দাম কমলেও শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামের টিকিট এখনো যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচেরই। সর্বোচ্চ দামের তালিকায় রয়েছে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ, যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য ৩ হাজার ৫৭৪ মার্কিন ডলার।
বিশ্লেষকদের মতে, বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের কাছাকাছি হওয়া এবং এটি শহরটিতে দলটির তৃতীয় ম্যাচ হওয়ায় দর্শক উপস্থিতি বেশি হওয়ার কথা ছিল। তাই টিকিটের এমন মূল্যপতন অনেকটাই অপ্রত্যাশিত।
শেষ ষোলোর অন্য ম্যাচগুলোর টিকিটের দামও তুলনামূলক কম। আর্জেন্টিনা-মিশর ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১ হাজার ৫৯৯ ডলার, ব্রাজিল-নরওয়ে ম্যাচের ১ হাজার ৫৩৭ ডলার এবং পর্তুগাল-স্পেন ম্যাচের ১ হাজার ৩৬৭ ডলার থেকে শুরু হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, গ্রুপ পর্বের তুলনায় শেষ ষোলোর কয়েকটি ম্যাচে দর্শকদের আগ্রহ প্রত্যাশিত মাত্রায় না থাকায় টিকিটের দাম কমেছে এবং আয়েও প্রভাব পড়ছে।
এদিকে শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কানাডা। ওই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্যও শেষ ৭২ ঘণ্টায় প্রায় ১৪ শতাংশ কমে যায়।




