মেসির প্রথম বিশ্বকাপ গোলের প্রতিপক্ষ মিসর

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬; সময়: ২:৫৭ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ (মঙ্গলবার) রাত ১০টায় মিসরের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচের আগে ফিরে দেখা যাচ্ছে ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এক স্মরণীয় অধ্যায়, যেখানে মিসরের বিপক্ষেই বিশ্বকাপ মঞ্চে নিজের প্রথম গোল করেছিলেন মেসি।

সেই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যায়। পরে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) তৎকালীন সভাপতি হুলিও গ্রনডোনা কোচ ফ্রান্সিসকো ফেরেরোকে মেসিকে একাদশে না রাখায় তীব্র ভর্ৎসনা করেন। যদিও কোচের দাবি ছিল, পেশিতে টান থাকায় চিকিৎসকদের পরামর্শেই প্রথম ম্যাচে মেসিকে বিশ্রামে রাখা হয়েছিল।

সব বিতর্কের অবসান ঘটে ১৪ জুন মিসরের বিপক্ষে ম্যাচে। প্রথমবারের মতো শুরুর একাদশে নেমে ম্যাচের ৪৭ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন মেসি। ওই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জয় পায়, দ্বিতীয় গোলটি করেন পাবলো জাবালেতা।

সেই টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরম্যান্সে ৬ গোল করে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি।

দুই দশকেরও বেশি সময় পর আবারও বিশ্বকাপের মঞ্চে মিসরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তাই পুরোনো সেই স্মৃতি নতুন করে আলোচনায় এসেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন