বিশ্বকাপের মঞ্চে আজ রূপকথার এক রাত

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬; সময়: ৩:০৭ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর প্রথম অফিসিয়াল টুর্নামেন্টের মুখোমুখি লড়াই।

গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে ওঠে আর্জেন্টিনা। তবে রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের কঠিন জয় দলটির রক্ষণ ও মাঝমাঠ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে কোচ লিওনেল স্কালোনিকে।

এ কারণে শেষ ষোলোর ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস মিলেছে। মাঝমাঠে থিয়াগো আলমাদার পরিবর্তে লেয়ান্দ্রো পারেদেস বা নিকোলাস গঞ্জালেস সুযোগ পেতে পারেন। আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্তিনেস নাকি হুলিয়ান আলভারেস খেলবেন, তা নিয়েও রয়েছে আলোচনা। তবে দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি, যিনি চার ম্যাচে সাত গোল করে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতা।

অন্যদিকে, কোচ হোসাম হাসানের অধীনে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে মিসর। রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা।

মিসরের আক্রমণের মূল ভরসা মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশ। রক্ষণ গোছানো রেখে দ্রুত পাল্টা আক্রমণে আর্জেন্টিনাকে চাপে ফেলাই হবে তাদের কৌশল।

পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই। দুই দলের আগের দুই দেখাতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। তবে চলতি বিশ্বকাপে ছোট দলগুলোর চমক দেখার পর মিসরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন