শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাবি এলাকায় উত্তেজনা

সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা; পুলিশি বাধা, এইচএসসি পরীক্ষা স্থগিতসহ একাধিক দাবি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬; সময়: ২:১৯ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ একাধিক দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রবেশ করলে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। কিছু সময় সড়ক অবরোধের পর তারা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেন।

এদিকে, পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশি বাধার মুখে পড়েন। পরিস্থিতি শান্ত করতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির দলীয় নেতাকর্মীদের নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’ এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় বহু পরীক্ষার্থী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। অনেককে পানি-কাদা এমনকি নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে।

আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান নিয়েও শিক্ষার্থীদের আপত্তি রয়েছে। তাদের দাবি, ভুল প্রশ্নের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দিতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, শিক্ষামন্ত্রীর ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া, পরীক্ষা নিয়ে সব ধরনের পরীক্ষামূলক পরিবর্তন বা ‘গবেষণা’ বন্ধ করা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের প্রাপ্য নম্বর প্রদান।

এ ছাড়া শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, সারা বছরের পাঠ্যক্রম অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কারের দাবিও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন